আগরতলা, ২০ মে: রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার ধলাই জেলা দিয়ে ভার্চুয়াল মাধ্যমে “মুখ্যমন্ত্রী সমীপেষু” কার্যক্রমের সূচনা করলেন মুখ্যমন্ত্রী Manik Saha।এদিনের কর্মসূচিতে ধলাই জেলার প্রায় ৩৫ জন নাগরিক ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন। পাশাপাশি আগরতলায় উপস্থিত আরও দুইজন নাগরিকও চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, এটি “মুখ্যমন্ত্রী সমীপেষু”-র ৬৬তম পর্ব হলেও প্রথমবারের মতো জেলাভিত্তিক ভার্চুয়াল উদ্যোগ চালু করা হয়েছে, যাতে দূরবর্তী এলাকার মানুষকে আর রাজধানীতে ছুটে আসতে না হয়।তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, উচ্চশিক্ষা, জমি সংক্রান্ত সমস্যা ও আর্থিক সহায়তার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, সিএমও, চিকিৎসক ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে সমস্যাগুলি নথিভুক্ত করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।মুখ্যমন্ত্রী আরও জানান, ধলাই জেলার অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই জনজাতি সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাঁদের সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলা ও মহকুমাগুলিতেও এই ভার্চুয়াল কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।
ধলাই থেকে শুরু ভার্চুয়াল ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’, সরাসরি শুনলেন মানুষের সমস্যা
