Headlines

পূর্ব চড়কবাইয়ে উদ্বোধন ‘বিবেকানন্দ শিশু উদ্যান’, শিশুদের মোবাইল আসক্তি রুখতেই নতুন উদ্যোগ

দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী ব্লকের অন্তর্গত বাইখোড়া পূর্ব চড়কবাই গ্রামপঞ্চায়েত এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হল “বিবেকানন্দ শিশু উদ্যান”। এলাকার শিশু ও প্রবীণদের অবসর বিনোদন এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌঁধুরী, পূর্ব চড়কবাই গ্রামপঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ শীল এবং এই উন্নয়নমূলক প্রকল্পের মূল উদ্যোক্তা সমাজসেবী সুজিত দত্ত।বক্তব্য রাখতে গিয়ে সুজিত দত্ত বলেন, বর্তমান সময়ে শিশুদের মধ্যে মোবাইল আসক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। সেই চিন্তা থেকেই প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এই শিশু উদ্যান নির্মাণ করা হয়েছে। তিনি জানান, এখানে শিশুরা খেলাধুলার মাধ্যমে নিজেদের বিকাশ ঘটাতে পারবে এবং প্রবীণরাও অবসর সময় সুন্দরভাবে কাটানোর সুযোগ পাবেন।এছাড়াও আগামী দিনে এলাকায় একটি ওপেন জিম সেন্টার তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। নতুন এই পার্ক নির্মাণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ দেখা যায়। স্থানীয়রা এই উদ্যোগের জন্য সুজিত দত্তকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *