Headlines

আধা-তৈরি ড্রেনে জলযন্ত্রণা, কাঁঠালিয়ায় সড়ক অবরোধে উত্তেজনা

দক্ষিণ ত্রিপুরার কাঁঠালিয়া থেকে বিলোনিয়া পর্যন্ত মূল সড়কের পাশে অসম্পূর্ণ ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে চলা রাস্তার উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও রাস্তার দুপাশের বেশ কিছু অংশে ড্রেন নির্মাণ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে কাঁঠালিয়া মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, কোথাও কোথাও ড্রেন নির্মাণ সম্পন্ন হলেও অধিকাংশ অংশ এখনও খোলা ও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে আশপাশের বাড়িঘরে ঢুকে পড়ছে। বর্ষাকাল ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।অবরোধস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা অরুন হালদার অভিযোগ করে বলেন, সরকারের উন্নয়নমূলক কাজের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি ও গাফিলতির কারণে এলাকাবাসী চরম সমস্যার মুখে পড়ছেন। তিনি রাস্তার কাজের বরাদ্দ ও বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন।অন্যদিকে, রাস্তার কাজের দায়িত্বে থাকা ম্যানেজার তাপস মজুমদার জানান, বরাদ্দ অনুযায়ীই কাজ করা হয়েছে। যদিও কাজ সংক্রান্ত ওয়ার্ক অর্ডারের নথি দেখাতে পারেননি বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসীর দাবি, দ্রুত বাকি ড্রেন নির্মাণ সম্পূর্ণ করে জল জমার সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *