Headlines

দু’বার সংস্কারেও বেহাল রাস্তা, পানীয় জলের সংকটে ফুঁসছে কাঁঠালিয়ার ৮২ পরিবার

কাঁঠালিয়া উত্তর ও দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকায় রাস্তা সংস্কারকে ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘ প্রায় ৭০ বছরের পুরনো এই গ্রামীণ সড়কটি গত দুই বছরে পরপর দুইবার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে রাস্তার অবস্থার তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বরং অবৈজ্ঞানিক নির্মাণকাজ ও নিম্নমানের কাজের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালিয়া বাজার এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন প্রায় ৫০০ মিটার পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন ছোট, মাঝারি ও বড় যানবাহন চলাচল করে। রাস্তার দুই পাশে বহু পুরনো বসতি রয়েছে। দুই বছর আগে প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ হলেও অল্প সময়ের মধ্যেই তা বেহাল হয়ে পড়ে। পরে স্থানীয়দের দাবির ভিত্তিতে বিধায়ক বিন্দু দেবনাথ রাস্তা পরিদর্শন করেন এবং পুনরায় প্রায় এক কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়।তিন মাস আগে শুরু হওয়া নতুন সংস্কারকাজে সাইড ওয়াল নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। এলাকাবাসীর অভিযোগ, বর্ষার মুখে অপরিকল্পিতভাবে কাজ করায় সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা ও জলমগ্ন হয়ে পড়ছে। এরই মধ্যে জেসিবি দিয়ে মাটি কাটতে গিয়ে পানীয় জলের পাইপলাইন কেটে ফেলার অভিযোগ উঠেছে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। ফলে গত দুদিন ধরে প্রায় ৮২টি পরিবার পানীয় জল থেকে বঞ্চিত।বুধবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তা ভেঙে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পানীয় জল সরবরাহ ও সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন ও রাস্তা অবরোধে নামবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *