অনলাইনে বেআইনি ওষুধ বিক্রি, ভুয়ো প্রেসক্রিপশনে হোম ডেলিভারি এবং অতিরিক্ত ছাড়ের প্রতিবাদে বুধবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন কেমিস্ট ও ড্রাগিস্টরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)-এর ডাকে ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকানও এদিন বন্ধ রাখা হয়।অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের শান্তিরবাজার মহকুমা কমিটির উদ্যোগে সকাল থেকেই শান্তিরবাজার, বাইখোরা, মনুবাজার ও জোলাইবাড়ি এলাকার ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘটে সামিল হন। যদিও জরুরি ও জীবনদায়ী ওষুধের পরিষেবা চালু রাখা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।ধর্মঘট চলাকালীন সংগঠনের একটি প্রতিনিধি দল শান্তিরবাজার মহকুমা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী Narendra Modi-র উদ্দেশ্যে তিন দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করে।সংগঠনের মহকুমা কমিটির সভাপতি প্রিয়লাল ভৌমিক ও সম্পাদক সুশেন বৈদ্য যৌথ বিবৃতিতে জানান, “ওষুধ সাধারণ পণ্য নয়। যাচাই ছাড়া অনলাইনে ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এতে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং ছোট কেমিস্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”তাদের অভিযোগ, ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট উপেক্ষা করে দেশে বেআইনি অনলাইন ওষুধ ব্যবসা দ্রুত বাড়ছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন।
অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে ধর্মঘট, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি শান্তিরবাজারের কেমিস্টদের
