খোয়াই, ২২ জুন: সীমান্তবর্তী খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধলাবিল সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মনা কুমার দাস (৩০)। তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত আনুমানিক ৮টা নাগাদ ধলাবিল এলাকায় এক অচেনা যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসী। তাঁর কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় এবং তিনি বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ হওয়ায় বিষয়টি দ্রুত খোয়াই থানায় জানানো হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে তিনি নিজের পরিচয় মনা কুমার দাস হিসেবে জানিয়েছেন। এছাড়া তাঁর পিতার নাম বীরেন চন্দ্র দাস এবং বাড়ি বাংলাদেশের রংপুর জেলায় বলে জানা গেছে।পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে কীভাবে এবং কোন পথে ওই ব্যক্তি বৈধ নথিপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন। এ ঘটনায় প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।ঘটনার পর সীমান্তবর্তী ধলাবিল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ধলাবিলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, আটক বাংলাদেশি যুবক! খোয়াইয়ে চাঞ্চল্য
