নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত শ্রমিক অসমের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংগড় ল’ কলেজ ও নরসিংগড় মানসিক হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে একাধিক সরকারি নির্মাণকাজ চলছে। এই ঘটনার পর নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ও শ্রম আইন যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। শ্রমিকদের জন্য সেফটি হেলমেট, সেফটি বুট, সেফটি বেল্ট, জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স এবং বহুতল নির্মাণে প্রয়োজনীয় সেফটি নেটের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলেও দাবি করা হয়েছে। এছাড়া বহিরাজ্য থেকে আসা শ্রমিকদের পরিচয় যাচাই ও স্থানীয় থানায় পুলিশ ভেরিফিকেশনের মতো প্রয়োজনীয় প্রক্রিয়াও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এলাকার একাংশের দাবি, কিছুদিন আগে অসম পুলিশের একটি দল একটি খুনের মামলার তদন্তে এই নির্মাণস্থল থেকে কয়েকজন শ্রমিককে আটক করে নিয়ে গিয়েছিল। যদিও বর্তমান ঘটনার সঙ্গে তার কোনও সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও সরকারি তথ্য প্রকাশিত হয়নি।আরও অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করার চাপের কারণে কম সংখ্যক শ্রমিক দিয়ে দীর্ঘ সময় কাজ করানো হয়, যা শ্রমিকদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তবে এই দাবিরও সরকারি বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনও নিশ্চিত তথ্য মেলেনি।পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনও অপরাধমূলক ঘটনা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত, পারিবারিক কিংবা কর্মক্ষেত্রজনিত কোনও কারণ এই মৃত্যুর পেছনে রয়েছে কি না, তাও তদন্তের আওতায় রাখা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে নির্মাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কোনও কর্মকর্তা কথা বলতে রাজি হননি বলে জানা গেছে। এদিকে, এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের পাশাপাশি নির্মাণস্থলে শ্রম আইন ও নিরাপত্তা বিধি কঠোরভাবে কার্যকর করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে, এই মৃত্যুর ঘটনায় কারও গাফিলতি বা অপরাধের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন তারা।
নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে উঠল একাধিক প্রশ্ন
