বিশালগড় মহকুমা হাসপাতালে এক রোগীকে চিকিৎসা না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রোগীর পরিজনদের দাবি, চিকিৎসক মৌসুমী সরকার ওই রোগীকে ‘নেশাগ্রস্ত’ বলে চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করেন।পরিজনদের অভিযোগ, রোগীর শারীরিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে তাঁরা সমস্যার মুখে পড়েন। এমনকি চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু হলেও চিকিৎসা করা হবে না—এমন মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ক্ষোভের সৃষ্টি হয়। রোগীর পরিজনরা পুরো বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তবে চিকিৎসকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী পদক্ষেপই এখন দেখার বিষয়।
‘নেশাগ্রস্ত’ অভিযোগে চিকিৎসা না দেওয়ার দাবি, বিশালগড় হাসপাতালে উত্তেজনা!
