Headlines

নেশামুক্ত সমাজ গঠনের বার্তা, উদয়পুরে যুব কল্যাণ কর্মসূচিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

উদয়পুর, ৩০ জুন: যুব সমাজকে নেশামুক্ত ও ইতিবাচক পথে পরিচালিত করার লক্ষ্যে গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মঙ্গলবার উদয়পুরের টেপানিয়া এলাকার শালগড়ায় অবস্থিত সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশন-এ একটি ‘ইয়ুথ ওয়েলফেয়ার প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর বার্তা তুলে ধরে যুবকদের সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্না দাস, সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশনের ডিরেক্টর প্রসেনজিৎ বণিক, গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের স্পোর্টস অফিসার বিশাল সাহাসহ ক্রীড়া দপ্তরের অন্যান্য আধিকারিকরা।অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বের পর ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা যুব সমাজকে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের আহ্বান জানান।সহকারী সভাধিপতি সুজন সেন বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। তাই যুবকদের নেশামুক্ত রেখে সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত জরুরি। তিনি জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি যুবকদের আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং সামাজিক দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশনের ডিরেক্টর প্রসেনজিৎ বণিকের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগ যুবকদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং সুস্থ জীবনযাপনে অনুপ্রাণিত করবে।আয়োজকদের মতে, এই ‘ইয়ুথ ওয়েলফেয়ার প্রোগ্রাম’ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং নেশামুক্ত, সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *