Headlines

মানুষ-হাতি সংঘাত কমাতে তেলিয়ামুড়ায় বসবে ‘এনিমেল ফেন্সিং’, বন দপ্তরের বড় উদ্যোগ

তেলিয়ামুড়া, ৩০ জুন: মানুষ ও বন্য হাতির সংঘাত কমিয়ে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল খোয়াই জেলা বন বিভাগ। মঙ্গলবার তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী বিএসি হলে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচিতে জানানো হয়, হাতির আক্রমণ থেকে লোকালয়কে সুরক্ষিত রাখতে মহকুমার বিভিন্ন এলাকায় এনিমেল ফেন্সিং নির্মাণ করা হবে।খোয়াই জেলা বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার বনাধিকারিক অশোক কুমারসহ বন দপ্তরের অন্যান্য আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা।অনুষ্ঠানে বনাধিকারিক অশোক কুমার বলেন, তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় প্রায়ই বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ায় মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় হাতির চলাচলের ঝুঁকিপূর্ণ এলাকায় ধাপে ধাপে এনিমেল ফেন্সিং নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।সচেতনতামূলক কর্মসূচিতে মানুষ-হাতি সহাবস্থানের গুরুত্ব, বন্যপ্রাণী সংরক্ষণ এবং হাতির গতিবিধি সম্পর্কে সতর্ক থাকার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে হাতির উপস্থিতি টের পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়।বন দপ্তরের আশা, এনিমেল ফেন্সিং নির্মাণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষ-হাতি সংঘাত অনেকটাই কমবে এবং বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাও আরও নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *