আগরতলা, ১৪ জুলাই: রাজ্যের পশুপালন, সমবায় ও মৎস্য খাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার স্টেট গেস্ট হাউস (সোনার তরী)-এর কনফারেন্স হলে এআরডিডি (Animal Resources Development Department), সমবায় (SCW) এবং মৎস্য দপ্তরের জেলা-স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন রাজ্যের এআরডিডি, সমবায় ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও সংশ্লিষ্ট তিনটি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, চলমান উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি, দপ্তরভিত্তিক কর্মসম্পাদন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে সব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলি নিয়েও পর্যালোচনা করা হয়।মন্ত্রী সুধাংশু দাস সংশ্লিষ্ট আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা, স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি পরিষেবার সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন জেলার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
পশুপালন, সমবায় ও মৎস্য দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা! সোনার তরীতে জেলা-স্তরের গুরুত্বপূর্ণ বৈঠক
