আগরতলা, ৭ জুন: পশ্চিম থানার পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য মিলেছে। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে, গত ৯ এপ্রিল এবং ২৩ এপ্রিল সংঘটিত দুটি পৃথক চুরির ঘটনার পর পশ্চিম থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় চুরি যাওয়া স্বর্ণালংকার এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।শনিবার আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধারকৃত সামগ্রীগুলোর প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক।পুলিশ সুপার জানান, এই দুই মামলার তদন্তে মোট ১০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারাবাহিক তৎপরতা ও সফল তদন্তের ফলেই চুরি যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।পশ্চিম থানার এই সাফল্যে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
পশ্চিম থানার বড় সাফল্য! উদ্ধার ২৫ মোবাইল ও ৩৫ লক্ষ টাকার স্বর্ণালংকার, গ্রেপ্তার ১০
