পানিসাগর, ২৮ জুন: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় জাতীয় সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার মাঝখানে তৈরি হওয়া একটি বড় গর্তের কারণে প্রায় প্রতিদিনই টোটো, স্কুটি ও অন্যান্য ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, চামটিলা, ফায়ার সার্ভিস অফিস, মহকুমা শাসকের কার্যালয়, পঞ্চদেবতা মন্দির এবং পানিসাগর রেল স্টেশনের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ। বিশেষ করে পঞ্চদেবতা মন্দিরের সামনে তৈরি হওয়া বড় গর্তটি এখন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।স্থানীয় বাসিন্দা প্রিয়জিত দাস জানান, সামান্য বৃষ্টিতেই ওই স্থানে জল জমে গর্তটি চোখে পড়ে না। ফলে প্রতিদিনই টোটো ও স্কুটি দুর্ঘটনার কবলে পড়ছে। সম্প্রতি এক কলেজ ছাত্রের নতুন স্কুটিও ওই গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর বা নিম্ন আয়ের। অনেকেই টোটো বা ই-রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এমন পরিস্থিতিতে দুর্ঘটনায় যানবাহন ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা তাদের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়।স্থানীয় বাসিন্দারা মহকুমা প্রশাসন এবং সংশ্লিষ্ট পিডব্লিউডি (PWD) কর্তৃপক্ষের কাছে অবিলম্বে গর্তটি মেরামত এবং জাতীয় সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
পানিসাগরে জাতীয় সড়কে প্রাণঘাতী গর্ত, নিত্যদিন দুর্ঘটনার অভিযোগে ক্ষোভ
