মান্দাই, ২৮ জুলাই: একদিকে বর্ষার বৃষ্টি, অন্যদিকে পানীয় জলের তীব্র সংকট। পাম্প থাকা সত্ত্বেও জল সরবরাহ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন জিরানিয়া মহকুমার মান্দাই ব্লকের মাধব পাড়া এলাকার বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, পাম্প অপারেটরের গাফিলতির কারণে প্রায় দুই মাস ধরে নিয়মিত পানীয় জল পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে অনেকেই বৃষ্টির জল ব্যবহার করে দিন কাটাচ্ছেন। ডি.ডব্লিউ.এস দপ্তরের এই অব্যবস্থাপনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।বাসিন্দাদের আরও অভিযোগ, ব্লকের পক্ষ থেকে ট্যাংকারের মাধ্যমে কখনও একদিন জল সরবরাহ করা হলেও পরবর্তী কয়েকদিন আর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে পানীয় জলের জন্য চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা জানান, অবিলম্বে নিয়মিত জল সরবরাহ চালু না হলে সংশ্লিষ্ট পাম্পে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডি.ডব্লিউ.এস দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন মাধব পাড়ার বাসিন্দারা।
পাম্প আছে, জল নেই! বৃষ্টির জলেই দিন কাটাচ্ছেন মান্দাইয়ের বাসিন্দারা, ক্ষোভ চরমে
