আগরতলা: নিয়োগের দাবিতে ফের আন্দোলনে সরব হলেন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। শুক্রবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেন তাঁরা। আন্দোলনকারীরা নিজেদের দাবি-দাওয়া তুলে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পুলিশ। অভিযোগ, বিক্ষোভরত যুবক-যুবতীদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে এডি নগর পুলিশ লাইনের মাঠে নিয়ে যাওয়া হয়। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।নিয়োগের আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা টেট উত্তীর্ণদের এই আন্দোলন নতুন করে প্রশ্ন তুলেছে তাঁদের ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে। দ্রুত নিয়োগের দাবিতে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।
ফের শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত একাধিক
