কৈলাশহর, ২১ জুলাই: উত্তর ত্রিপুরার কৈলাশহর গৌরনগর ব্লকের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কর্মীরা বকেয়া বিল পরিশোধের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, গত পাঁচ মাস ধরে টিফিনের বিল এবং মোবাইল রিচার্জ বাবদ প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়নি। দ্রুত বকেয়া মেটানো না হলে আগামী ১ আগস্ট থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের টিফিন বিতরণ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজেদের অর্থ খরচ করে কেন্দ্রের বিভিন্ন কাজ চালিয়ে যেতে হচ্ছে। এতে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। তাই আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন তাঁরা।কর্মীদের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্য অর্থ না পেলে ১ আগস্ট থেকে গৌরনগর ব্লকের অধীনস্থ প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিফিন বিতরণ কর্মসূচি বন্ধ রাখা হবে। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।
বকেয়া না মিটলে ১ আগস্ট থেকে শিশুদের টিফিন বন্ধের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের
