Headlines

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ! বিশালগড় খাদ্যগুদামে শ্রমিকদের বিক্ষোভ

বিশালগড়, ২১ জুলাই: বিনা পারিশ্রমিকে ধান লোডিং করানোর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের খাদ্য দপ্তরের অধীনস্থ খাদ্যগুদামের শ্রমিকরা। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শ্রমিকদের অভিযোগ, কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান বড় পাঞ্জাব বডি ট্রাকে তোলার কাজ তাঁদের দিয়ে করানো হচ্ছে, কিন্তু এই অতিরিক্ত কাজের জন্য কোনো পারিশ্রমিক বা আলাদা হাজিরা দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, তাঁরা শুধুমাত্র খাদ্যগুদামে নিয়মিত কাজের হাজিরা পান, ধান লোডিংয়ের জন্য কোনো অতিরিক্ত মজুরি নির্ধারিত নেই।জানা গেছে, গতকাল থেকে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার গুদামে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কাজ শুরু হয়েছে। শ্রমিকদের দাবি, প্রথম দিনে এই কাজে বাইরের শ্রমিকদের নিয়োগ করা হলেও পরদিন হঠাৎ করে বিশালগড় ও বিশ্রামগঞ্জ খাদ্যগুদামের অধীনস্থ প্রায় ৩০ জন শ্রমিককে এই কাজে নিযুক্ত করা হয়।শ্রমিকদের আরও অভিযোগ, এ বিষয়ে কোনো লিখিত নির্দেশ বা সরকারি আদেশ তাঁদের সামনে উপস্থাপন করা হয়নি। তাঁরা দাবি করেন, বিশালগড়ের ফুড কন্ট্রোলার নয়ন দাসও এ সংক্রান্ত কোনো আদেশ দেখাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *