আগরতলা, ২৩ জুন: ২৪ জুন ঘোষিত বন্ধ কর্মসূচিকে সামনে রেখে আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া হাতাইকতর এলাকায় মঙ্গলবার থেকেই জমায়েত শুরু করেছেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের আশ্বাস পেলেও তা পূরণ না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।সংগঠনের সদস্যদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত তাদের পুনর্বাসন, আর্থিক সহায়তা এবং অন্যান্য মৌলিক দাবিগুলির সুরাহা করা হয়নি। এর প্রতিবাদেই ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জানান তারা।মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান। তারা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আন্দোলন আরও তীব্র করা হবে।এদিকে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশে এই জমায়েতকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। সম্ভাব্য যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।২৪ জুনের বন্ধ কর্মসূচি এবং তার প্রভাব নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।
বন্ধের আগে বড়মুড়ায় জঙ্গি সংগঠনের সদস্যদের জমায়েত, দাবিপূরণ না হলে অনির্দিষ্টকালের অবরোধের হুঁশিয়ারি
