ফাগুনাপাড়া, ২৯ জুন: দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা ফাগুনাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিশুদের পাঠদান ও পুষ্টি পরিষেবার জন্য নির্ধারিত কেন্দ্রটি বর্তমানে শূকর পালনের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মী দুর্গা দেববর্মার মৃত্যুর পর নতুন কর্মী হিসেবে সূর্যরাণী দেববর্মাকে নিয়োগ করা হয়। তবে নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে কেন্দ্রটি বন্ধ রয়েছে বলে অভিযোগ।বাসিন্দাদের দাবি, কেন্দ্রটি বন্ধ থাকায় ছোট শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও পুষ্টিকর খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মহিলারাও সরকারি পুষ্টি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের আরও অভিযোগ, সংশ্লিষ্ট সিডিপিও (CDPO)-র গাফিলতির কারণেই কেন্দ্রটির এমন বেহাল অবস্থা। তারা অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পুনরায় চালু, নিয়মিত পরিষেবা নিশ্চিত এবং পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূকর পালনের অভিযোগ, শিশু ও গর্ভবতীদের পরিষেবা বন্ধে ক্ষোভ
