তেলিয়ামুড়া, ২৯ জুন: খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত ৩৬ মাইল এলাকায় সোমবার একটি ছোট মালবাহী গাড়ি ও একটি কন্টেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক চালক। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগরতলা থেকে কুমারঘাটগামী একটি ছোট মালবাহী গাড়ি ৩৬ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ছোট মালবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকে পড়েন।আহত চালকের নাম বাবুল দাস বৈষ্ণব। দুর্ঘটনায় তাঁর মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাঁকে গাড়ি থেকে বের করেন। পরে দ্রুত মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁর চিকিৎসা শুরু হয়।খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মুখোমুখি সংঘর্ষের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
৩৬ মাইলে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, কন্টেইনারের ধাক্কায় গুরুতর আহত মালবাহী গাড়ির চালক
