বাইখোড়া, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৭টি গরু উদ্ধার করেছে বাইখোড়া থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে দুটি বোলেরো গাড়িও আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বাইখোড়া থানার সেকেন্ড অফিসার বিরজিত দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে TR-03E-1600 এবং TR-08A-1612 নম্বরের দুটি বোলেরো গাড়ি থেকে মোট ১৭টি গরু উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, গরুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।স্থানীয় সূত্রের দাবি, লাউলাং এলাকার এক ব্যক্তি এই পাচারচক্রের সঙ্গে জড়িত। এছাড়া আরও কয়েকজনের নামও পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উঠে এসেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কারও নাম নিশ্চিত করা হয়নি।অভিযান প্রসঙ্গে বাইখোড়া থানার সেকেন্ড অফিসার বিরজিত দাস জানান, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। গরুগুলোর প্রকৃত মালিক এবং পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, স্থানীয় বাসিন্দাদের আশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাচারচক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশে পাচারের আগেই ১৭ গরু উদ্ধার! বাইখোড়া থানার অভিযানে চাঞ্চল্য
