আগরতলা, ১৫ জুলাই: পশ্চিম ত্রিপুরার বামুটিয়া বিধানসভার অন্তর্গত উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের জলিলপুর এলাকায় রাবার বাগানে অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে রাবার চাষিদের মধ্যে। অভিযোগ, বাগানের বহু রাবার গাছের পাতা প্রথমে লাল হয়ে যাচ্ছে, এরপর ধীরে ধীরে গাছ শুকিয়ে মারা যাচ্ছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় চাষিরা।সমস্যার কথা জানতে পেরে এলাকার বিধায়ক নয়ন সরকার ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত রাবার বাগান পরিদর্শন করেন। তিনি রাবার চাষিদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।পরিদর্শনের পর বিধায়ক নয়ন সরকার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি দ্রুত কৃষি দপ্তর এবং রাবার বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন, যাতে রোগের প্রকৃত কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।তিনি বলেন, এই এলাকার অধিকাংশ পরিবারের জীবিকা রাবার চাষের উপর নির্ভরশীল। যদি এই রোগের বিস্তার রোধ করা না যায়, তবে বহু চাষিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই দ্রুত বিশেষজ্ঞদের দিয়ে বাগান পরীক্ষা করে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাবার চাষিরা।
বামুটিয়ায় রাবার বাগানে অজানা রোগের আতঙ্ক! লাল হয়ে ঝরছে পাতা, দুশ্চিন্তায় চাষিরা
