Headlines

শান্তিরবাজারের ১০ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা! ‘উন্নয়ন কোথায়?’

শান্তিরবাজার, ১৫ জুলাই: উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাকের অভিযোগ উঠেছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের দয়ালজি পল্লী এলাকায়। দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে বেহাল রাস্তা ও অসম্পূর্ণ সাইড ওয়ালের কাজের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় নদীর প্রবল স্রোতে রাস্তার একটি বড় অংশ ভেঙে যায়। এরপর প্রশাসনের পক্ষ থেকে রাস্তা ও সাইড ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজ শেষ হয়নি। অভিযোগ, নির্মাণকাজ শুরু হওয়ার পর অজানা কারণে তা মাঝপথে থেমে যায়। ফলে দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তা।এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ভরে যায় এবং চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, দমকল বা অন্য কোনো পরিষেবার গাড়ি এলাকায় প্রবেশ করতে পারে না। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দারা অবিলম্বে রাস্তা ও সাইড ওয়ালের নির্মাণকাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে একই সমস্যার মুখোমুখি হয়েও কার্যকর পদক্ষেপের অভাব জনমনে হতাশা ও ক্ষোভ বাড়িয়েছে।এখন প্রশ্ন উঠছে, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ কবে শেষ হবে? প্রশাসন দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা করছেন দয়ালজি পল্লীর বাসিন্দারা। এলাকার মানুষের দাবি, আর আশ্বাস নয়—দ্রুত স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *