Headlines

বিক্রমনগরে কথিত মধুচক্রের অভিযোগ, অভিযানে উত্তেজনা—সাংবাদিকের ফোন ভাঙার অভিযোগ

আগরতলা: আমতলী থানাধীন বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িকে কেন্দ্র করে কথিত অসামাজিক কর্মকাণ্ড ও মধুচক্র চালানোর অভিযোগকে ঘিরে শনিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে আগরতলা থেকে যুবতী ও বিবাহিত মহিলাদের এনে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছিল।অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাসিন্দা সেখানে অভিযান চালান। তাদের দাবি, অভিযানের সময় দুই জোড়া যুবক-যুবতীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা। এরপর উত্তেজিত জনতার সঙ্গে অভিযুক্তদের বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে কয়েকজনকে মারধরের অভিযোগও ওঠে।ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে এক সাংবাদিকের বিরুদ্ধে। অভিযোগ, এক মহিলা সাংবাদিকের ওপর চড়াও হয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে দেন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে।খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে উত্তপ্ত পরিস্থিতির সুযোগে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।ঘটনায় প্রিয়ম বণিক নামে ধলেশ্বর এলাকার এক যুবকের নাম স্থানীয়দের অভিযোগে উঠে এসেছে। যদিও অভিযোগগুলির সত্যতা তদন্ত সাপেক্ষ। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িত বাকিদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।এলাকাবাসীর দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *