Headlines

বিয়ের এক মাস পর থেকেই নির্যাতন! ৯ বছরের যন্ত্রণা শেষে সন্তানকে নিয়ে মহিলা থানায় গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূর উপর দীর্ঘ নয় বছর ধরে চলা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে বিয়ে করে আনার পর বিয়ের মাত্র এক মাসের মধ্যেই শুরু হয় অত্যাচার, যা বছরের পর বছর ধরে চলতে থাকে।নির্যাতিতা গৃহবধূ জানিয়েছেন, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে দু’পক্ষের সম্মতিতে সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে অভিযুক্ত স্বামী পেশায় একজন অটোচালক। দাম্পত্য জীবনে তাদের একটি ছয় বছরের সন্তানও রয়েছে।গৃহবধূর দাবি, বিয়ের পর থেকেই নানা অজুহাতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। দীর্ঘদিন সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়তে থাকায় শেষ পর্যন্ত তিনি সাহায্যের জন্য এগিয়ে আসেন।বুধবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) উদ্যোগে নির্যাতিতা গৃহবধূ ও তার ছয় বছরের সন্তানকে উদ্ধার করে আগরতলার পশ্চিম মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। দীর্ঘদিনের নির্যাতনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *