বিশালগড় মহকুমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল বিশালগড় জেলা কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে জমা দেওয়া স্মারকলিপিতে মহকুমায় রাতের বেলায় পুলিশের পাশাপাশি সিআরপিএফ দিয়ে নিয়মিত টহলদারির দাবি জানানো হয়।বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গুপীনাথ সাহা বলেন, সাম্প্রতিক সময়ে মহকুমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষ নিজেদের নিরাপদ মনে করছেন না। তাঁর দাবি, রাতের সময় এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি।তিনি আরও অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে শুধু সাধারণ মানুষই নন, প্রশাসনের কর্মকর্তারাও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এমনকি বিশালগড়ের মহকুমা শাসকের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তিনি। তাই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিআরপিএফ মোতায়েন করে নিয়মিত টহলদারির ব্যবস্থা করার আহ্বান জানান কংগ্রেস নেতৃত্ব।কংগ্রেসের প্রতিনিধিদল আশা প্রকাশ করে, জেলা পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং বিশালগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বিশালগড়ে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ, সিআরপিএফ টহলের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ কংগ্রেস
