বিলোনিয়া, ২২ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় বনকর ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে তৃতীয় বর্ষের ফুটবল টুর্নামেন্টের জমকালো সূচনা হলো বুধবার বিকেলে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, টুর্নামেন্ট চেয়ারম্যান সায়ন্তন দত্ত, বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ চৌধুরী-সহ বিশিষ্ট অতিথিরা।ক্রীড়া ও ক্লাবের পতাকা উত্তোলনের পর সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে রাজ্য ও দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান।বৃষ্টির মধ্যেই সভাধিপতি দীপক দত্ত ফুটবলে কিক করে উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করেন। প্রথম ম্যাচে মুখোমুখি হয় সাউথ ত্রিপুরা অটো মজদুর সংঘ ও ব্ল্যাক পার্টনার গর্জি। শুরু থেকেই দাপট দেখিয়ে প্রথমার্ধে চারটি গোল করে সাউথ ত্রিপুরা অটো মজদুর সংঘ। শেষ পর্যন্ত ৪-০ গোলে জয় তুলে নেয় তারা।এক মাসব্যাপী চলা এই টুর্নামেন্টে মোট ২৫টি দল অংশ নিচ্ছে। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতের প্রতিভাবান ফুটবলার উঠে আসবেন। আগামীকালের ম্যাচে মুখোমুখি হবে সাউথ সোনাইছড়ি এবং মুভিং ইলেভেন।
বৃষ্টিকে সঙ্গী করে বিলোনিয়ায় বনকর ওরিয়েন্টাল ক্লাব ফুটবল টুর্নামেন্টের জমকালো সূচনা
