শনিবার দুপুরে শান্তিরবাজার থানার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম দীপঙ্কর তালুকদার (৪০)। তিনি মুহুরীপুর এলাকার বাসিন্দা নিতাই তালুকদারের ছেলে।জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিট নাগাদ কলেজ সংলগ্ন জাতীয় সড়কে সাব্রুম থেকে আগরতলাগামী একটি বাস (TR 01 B 1392) এবং বীরচন্দ্রনগর বাজার থেকে মুহুরীপুরগামী একটি বাইক (TR 08 A 6702)-এর মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাইকচালক দীপঙ্কর তালুকদার ছিটকে জাতীয় সড়কে পড়ে গুরুতর আহত হন।খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে মৃতদেহটি শান্তিরবাজার মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে।
বেতাগা সাইনবোর্ডে বাস-বাইকের সংঘর্ষ, প্রাণ গেল ৪০ বছরের যুবকের
