Headlines

বেহাল রাস্তার প্রতিবাদে কদমতলায় যৌথ অবরোধ! যানজটে নাকাল জনজীবন, দ্রুত সংস্কারের দাবি

উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কদমতলা অটোস্ট্যান্ড সংলগ্ন তেমাথা ও চল্লিশদ্রোণ সড়কের মুখে যৌথ পথ অবরোধে সামিল হন বিএমএস শ্রমিক সংগঠনের সদস্য, অটোচালক, ই-রিকশাচালক, যানবাহনের মালিক এবং সাধারণ মানুষ। অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।আন্দোলনকারীদের অভিযোগ, কদমতলা–রানীবাড়ি সড়ক, কদমতলা বাজার–চল্লিশদ্রোণ ভায়া তারকপুর–সরসপুর সড়ক এবং কদমতলা–ধর্মনগর প্রধান সড়কের অধিকাংশ অংশই বড় বড় গর্তে ভরে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।বিক্ষোভকারীদের দাবি, দুটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া অনেক আগেই সম্পন্ন হলেও এখনও কাজ শুরু হয়নি। এই গড়িমসির কারণেই প্রতিদিন দুর্ভোগ বাড়ছে। তাই অবিলম্বে সংস্কার কাজ শুরু না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।দীর্ঘ সময় ধরে চলা অবরোধের কারণে অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী এবং বিভিন্ন যানবাহন আটকে পড়ে। তবে মানবিক দিক বিবেচনা করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের অবরোধ অতিক্রম করার সুযোগ দেন আন্দোলনকারীরা।ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও, সংবাদ লেখা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে পৌঁছাননি বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের একটাই দাবি—আশ্বাস নয়, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *