আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধে সামিল হন অটোচালকরা। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সকাল থেকেই আন্দোলনে নামেন তারা।অটোচালকদের অভিযোগ, ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাসের মহেশখলা পর্যন্ত একাধিক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন যাত্রী পরিবহনের সময় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে চালকদের। পাশাপাশি খারাপ রাস্তার কারণে দুর্ঘটনার আশঙ্কাও ক্রমশ বাড়ছে বলে দাবি তাদের।আন্দোলনকারীদের বক্তব্য, এই সড়ক দিয়ে প্রতিদিন ২০০-রও বেশি ভারী যানবাহন চলাচল করে। ভারী গাড়ির অতিরিক্ত চাপের ফলে রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে অটোচালকদের জীবিকা ও যাত্রীসেবার ওপর।সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করে চালকরা জানিয়ে দেন, পূর্ত দপ্তরের পক্ষ থেকে রাস্তা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগও বৃদ্ধি পায়।স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করবে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের ব্যবস্থা করবে।
বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের অবরোধ, যান চলাচল ব্যাহত
