এসসি, এসটি ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তক চালুর দাবিতে আগামী ২৪ জুন আন্দোলন কর্মসূচির ডাক দিল টুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন (TSF)। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সহ-সভাপতি জন দেববর্মা।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মনিশ দেববর্মা ও পিকরাজ দেববর্মাসহ অন্যান্য সদস্যরা।জন দেববর্মা জানান, আগামী ২৪ জুন আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে শূন্য থাকা এসসি ও এসটি সংরক্ষিত ব্যাকলগ পদগুলো দ্রুত পূরণের দাবি জানানো হবে।এছাড়াও, ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে প্রকাশ ও শিক্ষার্থীদের জন্য তা চালুর দাবিও আন্দোলনের অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরা হবে।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এই দুটি বিষয় আদিবাসী ছাত্র-যুব সমাজের ভবিষ্যৎ ও সাংবিধানিক অধিকারের সঙ্গে জড়িত। তাই সরকারকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।TSF নেতৃত্ব জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার বিষয়েও তারা বিবেচনা করবে।
ব্যাকলগ শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন TSF-এর আন্দোলনের ডাক
