ওয়াকশিমলন, প্রতিনিধি: দীর্ঘদিন ধরে একটি ব্রিজ নির্মাণের দাবিতে রবিবার ওয়াকশিমলন এলাকায় রেল অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নেওয়ায় উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগ দীর্ঘক্ষণ ব্যাহত হয় এবং একাধিক যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধের জেরে শিয়ালদহ থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পাহাড়ি পথে দীর্ঘক্ষণ আটকে পড়ে। পাশাপাশি শিলচর থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী ট্রেন তেলিয়ামুড়া স্টেশনে দাঁড়িয়ে যায়। ফলে শত শত যাত্রী, বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় একটি ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও প্রশাসন ও রেল কর্তৃপক্ষ কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। বহুবার আবেদন-নিবেদন করেও আশ্বাস ছাড়া কিছু মেলেনি। তাই বাধ্য হয়েই তারা রেল অবরোধের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, ব্রিজ নির্মাণের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস ও উদ্যোগ না পাওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।ঘটনাস্থলে প্রশাসন ও রেল পুলিশের আধিকারিকরা পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালানোর চেষ্টা করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধের কারণে রেল চলাচল আংশিকভাবে ব্যাহত ছিল।
ব্রিজের দাবিতে রেল অবরোধ, আটকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন
