ভিলেজ কমিটি নির্বাচনের ফল প্রকাশকে কেন্দ্র করে রাজ্যের কোথাও যাতে রাজনৈতিক সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই আবেদন জানালেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলির নেতা-কর্মী ও সমর্থকদের সংযত থাকার আহ্বান জানান তিনি।শুক্রবার তেলিয়ামুড়া মহকুমার বিজেপির ২৯ কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই আবেদন জানান মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথরাই মলসুম-সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব, শক্তিকেন্দ্র ও বুথ কমিটির সদস্য এবং কর্মী-সমর্থকেরা।আগামী ৫ অক্টোবর ভিলেজ কমিটি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা। ফলাফল ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন কোনওভাবেই সংঘর্ষ বা হিংসার রূপ না নেয়, সেদিকে সকলকে সতর্ক থাকার বার্তা দেন বিকাশ দেববর্মা। শুধু বিজেপি নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতিও শান্তি বজায় রাখার আবেদন জানান তিনি।মন্ত্রী বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। ফলাফল নিয়ে মতপার্থক্য বা রাজনৈতিক প্রতিযোগিতা থাকতেই পারে, তবে তা যেন হিংসা বা সংঘর্ষে পরিণত না হয়। বিশেষ করে পাহাড়ি ও জনজাতি অধ্যুষিত এলাকায় ফল প্রকাশের পর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি।
ভিলেজ কমিটির ফল ঘিরে সংঘর্ষ নয়, শান্তির বার্তা বিকাশের
