Headlines

ভিলেজ কমিটি ভোটের আগে খোয়াইয়ে কড়া নিরাপত্তা, স্ট্রং রুম-গণনা কেন্দ্র পরিদর্শনে জেলাশাসক ও এসপি

খোয়াই: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নিরাপত্তা ও ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক রজত পান্থ এবং জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি। মঙ্গলবার জেলার একাধিক ব্লকে তৈরি স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন তাঁরা।এদিন সকাল ১০টা থেকে খোয়াই জেলার তুলাশিখর, পদ্মবিল, কল্যাণপুর, তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামি ব্লকে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে বিভিন্ন ব্লক পরিদর্শন করেন প্রশাসন ও পুলিশ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।দুপুরে তুলাশিখর ব্লকের ভারত সর্দারপাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে তৈরি স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। সেখানে নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা।জেলাশাসক রজত পান্থ জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জেলার প্রতিটি স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করা হচ্ছে। ভারত সর্দারপাড়া বিদ্যালয়ে তৈরি স্ট্রং রুম ও গণনা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিনি।অন্যদিকে জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় টিএসআর বাহিনীর পাশাপাশি অতিরিক্ত পাঁচ কোম্পানি সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।নির্বাচনকে ঘিরে স্ট্রং রুম, কাউন্টিং সেন্টার এবং সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *