ঊনকোটি: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে টিটিএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে ঘিরে ঊনকোটি জেলাতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন পোলিং স্টেশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী।রবিবার সকাল থেকেই ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের চিনিবাগান হাই স্কুলের স্ট্রং রুম থেকে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন ভোটকর্মীরা। নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তাঁরা নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছন।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক রুঘুল এ (আইপিএস) জানান, কৈলাসহর মহকুমায় মোট ৭টি ভিলেজ কাউন্সিলের অধীনে ২২টি পোলিং স্টেশন রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গোটা মহকুমাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত ছোটখাটো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতির উপর পুলিশ ও প্রশাসনের তরফে লাগাতার নজরদারি চলছে। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।
ভিলেজ কাউন্সিল ভোট কাল, ঊনকোটিতে কড়া নিরাপত্তা
