ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি:উত্তর ত্রিপুরার ধর্মনগরে ভুয়ো পরিচয়পত্র ও জাল নথির মাধ্যমে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলা এবং তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই মহিলা কয়েক বছর ধরে ভুয়ো নথি ব্যবহার করে ভারতে বসবাস করছিলেন বলে অভিযোগ। এই কাজে তাঁকে সহযোগিতা করার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কীভাবে ভুয়ো নথি তৈরি করা হয়েছিল, কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং আরও কেউ এতে যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও জাল নথি চক্রের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জোরদার করা হবে। অভিযুক্তদের আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভুয়ো নথিতে ভারতে বসবাসের অভিযোগ, ধর্মনগরে বাংলাদেশি মহিলা-সহ গ্রেপ্তার ২
