নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুনঃ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট তিন দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে গণতান্ত্রিক নারী সমিতি। পরে আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় সংগঠনের উদ্যোগে দু’ঘণ্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।গণঅবস্থান কর্মসূচি থেকে সংগঠনের নেতৃবৃন্দ পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধের দাবি জানান। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু প্রত্যাহার এবং কর্মী-সহায়িকাদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করার উদ্যোগ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তারা।এছাড়াও, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্ব অভিযোগ করেন, এই ঘটনায় এখনও পর্যন্ত নিরপেক্ষ তদন্তের অগ্রগতি দৃশ্যমান নয়।তাদের দাবি, মনীষা দাস হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে একজন সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত পরিচালনা করা হোক। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, উত্থাপিত দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে সংগঠন।
“মনীষা দাস হত্যার বিচার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় গণতান্ত্রিক নারী সমিতি”
