Headlines

মনুঘাট টেন্ডার কাণ্ডে নতুন বিতর্ক! বিজেপির রি-টেন্ডার দাবি, দায়িত্বপ্রাপ্ত অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন

মনুঘাট জোনাল অফিসে বাৎসরিক ডাক (টেন্ডার) প্রক্রিয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক ২৪ ঘণ্টা পরেও থামার নাম নিচ্ছে না। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টেন্ডার জমা দিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি কর্মীরা।অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ে বিজেপি সমর্থিত অংশগ্রহণকারীরা টেন্ডার সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও ফর্ম জমা দেওয়ার উদ্দেশ্যে জোনাল অফিসে উপস্থিত হন। কিন্তু সেখানে ত্রিপ্রা মথার কিছু কর্মী তাদের অফিস কক্ষে প্রবেশ ও ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন বলে দাবি করা হয়েছে। এর জেরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।বিজেপি কর্মীদের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বিষয়টি একাধিকবার জানানো হলেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বরং পুরো ঘটনার সময় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ তাদের। ফলে অনেকেই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করা হয়েছে।এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট টেন্ডার প্রক্রিয়া বাতিল করে পুনরায় রি-টেন্ডার আহ্বানের দাবি জানিয়েছেন বিজেপি কর্মীরা। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বপ্রাপ্ত অফিসারের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলা হয়েছে।অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে ত্রিপ্রা মথার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।মনুঘাটের এই টেন্ডার বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা এখন রাজনৈতিক মহলসহ সংশ্লিষ্ট সকলের নজরে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *