টানা এক দিনের ভারী বৃষ্টিতে বিপজ্জনকভাবে ফুলে-ফেঁপে উঠেছে মনু নদী। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় মনুঘাট এলাকার ঘতগছো পাড়া প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির জেরে অন্তত ৩৬টি পরিবার ঘরছাড়া হয়েছে এবং বহু বাড়িতে কোমরসমান জল ঢুকে পড়েছে।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের নিকটবর্তী স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং মনু টাউন হলে অস্থায়ীভাবে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মনু-ছৈলেংটা এলাকার এমডিসি হলিউড চাকমা। তাঁর সঙ্গে ছিলেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুব্রত দাসসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে বৃষ্টিপাত চলতে থাকায় নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মনু নদীর ভয়াবহ রূপ, প্লাবিত এলাকা—৩৬ পরিবার ঘরছাড়া
