Headlines

মাদকের দাপটে অতিষ্ঠ ৯ নম্বর ওয়ার্ড! চুরি-ছিনতাই রুখতে কৈলাসহর থানায় ডেপুটেশন

কৈলাসহর, ৬ আগস্ট: মাদক কারবার ও মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধির জেরে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে—এই অভিযোগ তুলে কৈলাসহর থানায় লিখিত ডেপুটেশন জমা দিলেন পুর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসী চক্রবর্তী এবং এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার তাঁরা অবিলম্বে মাদক চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।অভিযোগে বলা হয়েছে, শ্রীনিকেতন শপিং কমপ্লেক্স, শ্মশানঘাট সংলগ্ন এলাকা, সিনেমা হলের পাশের পাড়া-সহ ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের অবাধ কারবার চলছে। সাম্প্রতিক সময়ে মাদকসেবীর সংখ্যা আরও বেড়ে যাওয়ায় এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন বাসিন্দারা।স্থানীয়দের দাবি, মাদকের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে চুরির ঘটনাও বেড়েছে। সম্প্রতি সর্বানন্দ স্মরণী এলাকায় দিনের বেলায় চুরির ঘটনা ঘটার পাশাপাশি আরও একাধিক ছোট-বড় চুরির অভিযোগ সামনে এসেছে। এলাকাবাসীর আশঙ্কা, নেশার অর্থ জোগাড় করতেই একাংশ মাদকাসক্ত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলর মানসী চক্রবর্তী বলেন, এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থেই থানায় অভিযোগ জানানো হয়েছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সন্দেহভাজন এলাকায় নিয়মিত পুলিশি অভিযান এবং নজরদারি বাড়ানোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *