Headlines

“মিথ্যা ডেপুটেশনের অভিযোগ! প্রাণনাশের আশঙ্কায় মুখ খুললেন ব্যবসায়ী মানিক দাস”

আগরতলা, প্রতিনিধি:চৌমুহনী বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। আমতলী থানার অন্তর্গত সূর্যমণিনগর এলাকার প্রতিষ্ঠিত কাঠ ব্যবসায়ী মানিক কুমার দাস অভিযোগ করেছেন, তাঁর ব্যবসা ও স্থায়ী দোকান দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক কুমার দাস জানান, চৌমুহনী বাজারে তাঁর বৈধ ও স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অভিযোগ, সমাজসেবকের মুখোশ পরিহিত শ্যামল ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তিনি দাবি করেন, ২০২৩ সালে শ্যামল ভট্টাচার্যের নেতৃত্বে সুখলাল দেবনাথ, বিষ্ণুকান্ত দেবনাথ, নারায়ণ চক্রবর্তী, মানিক সরকারসহ আরও কয়েকজন তাঁর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।এই ঘটনায় তিনি আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমতলী থানায় ১৩২/২০২৩ নম্বর মামলা রুজু হয় এবং সংশ্লিষ্ট ধারায় কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।মানিক কুমার দাসের অভিযোগ, মামলাটি প্রত্যাহারের জন্য বিভিন্ন সময় তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়। তিনি মামলা তুলে নিতে অস্বীকার করলে তাঁকে ব্যবসা বন্ধ করার হুমকি দেওয়া হয়। কিন্তু তাতেও সফল না হওয়ায় শনিবার পূর্বপরিকল্পিতভাবে বাজারের কিছু ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে আমতলী থানায় ডেপুটেশন জমা দেন বলে দাবি করেন তিনি।তিনি বলেন, “আমি সরকারি লাইসেন্স নিয়েই কাঠের ব্যবসা করছি। অবৈধভাবে কোনো ব্যবসা করছি না। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি ব্যবসা থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে।”এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি স্বাধীন ও নিরাপদ পরিবেশে যাতে তিনি তাঁর ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণের আবেদনও জানান।ব্যবসায়ী মানিক কুমার দাস আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, তাঁর প্রাণনাশেরও চেষ্টা হতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *