Headlines

মুক্তধারা হলে দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন, শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার মুক্তধারা হলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা-সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিধায়িকা মীনা রাণী সরকার, এলাকার কাউন্সিলরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, কর্ম ও চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন মহান চিন্তাবিদ ও দূরদর্শী দার্শনিক। ভারতীয় সমাজ, সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন নিয়ে তাঁর চিন্তাভাবনা দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে।মুখ্যমন্ত্রী বিশেষভাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’-এর ভাবনার কথা উল্লেখ করেন। সমাজের শেষ সারিতে থাকা মানুষের উন্নয়ন ও কল্যাণকে গুরুত্ব দেওয়ার এই দর্শন এখনও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি। তাঁর আদর্শ ও চিন্তাধারা থেকে অনুপ্রেরণা নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে বক্তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সরল জীবনযাপন, দেশপ্রেম, সাংগঠনিক দক্ষতা এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তাঁর চিন্তাভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মজয়ন্তী পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *