আগরতলা: মেরিট লিস্ট প্রকাশ ও নিয়োগের বিষয়ে স্পষ্ট আশ্বাসের দাবিতে ফের আন্দোলনে নামলেন টেট-১ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। শুক্রবারও শিক্ষা ভবনের সামনে বসে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা।আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মূল দাবি, টেট-১ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশ করা হবে, তা দ্রুত স্পষ্ট করতে হবে। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ডের (টিআরবিটি) চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করে কথা বলছে। মেরিট লিস্ট প্রকাশের সময়সীমা এবং নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে কর্তৃপক্ষের বক্তব্য জানতেই তাঁদের এই উদ্যোগ।এখন দেখার বিষয়, প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর চাকরিপ্রার্থীরা তাঁদের দাবির বিষয়ে কী আশ্বাস পান এবং মেরিট লিস্ট প্রকাশের ক্ষেত্রে কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।
মেরিট লিস্ট কবে? শিক্ষা ভবনের সামনে ফের ধরনায় টেট-১ উত্তীর্ণরা
