আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর ত্রিপুরাজুড়ে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানোর আহ্বান জানালেন প্রাণিসম্পদ উন্নয়ন, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ নিজ বাড়িতে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার আবেদন জানান তিনি।মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সেবা, জনকল্যাণ ও জনঅংশগ্রহণমূলক একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত, পিএম-কিষান, পোষণ অভিযান এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সুবিধাভোগীদেরও এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।সুধাংশু দাসের আবেদন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রতিটি বাড়িতে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হোক। এরপর স্থানীয় নাটমন্দির, কমিউনিটি হল বা মন্দিরে সমবেত হয়ে প্রার্থনা ও সম্মিলিতভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।নিজের বিধানসভা কেন্দ্র ফটিকরয়সহ সমগ্র ত্রিপুরার মানুষের প্রতি আবেদন জানিয়ে মন্ত্রী বলেন, তিনিও নিজে প্রদীপ জ্বালিয়ে এই কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য সামনে রেখে জনসেবা ও জনঅংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন স্মরণ করার আহ্বান জানান তিনি।
মোদির জন্মদিনে ত্রিপুরাজুড়ে ‘আশীর্বাদ প্রদীপ’, সন্ধ্যা ৬:৩০-এ ঘরে ঘরে আলো জ্বালানোর আহ্বান
