প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে রবিবার আগরতলার রবীন্দ্র ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাফল্য তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রীসভা সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন বক্তারা কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক প্রকল্প এবং আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কৃষি, নারী ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষা ক্ষেত্রে সরকারের উদ্যোগের বিষয়েও আলোচনা করা হয়।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ উন্নয়ন ও সুশাসনের নতুন দিশা পেয়েছে। সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একাধিক প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন।মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাও তাঁর বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।এই জনকল্যাণ শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য প্রদান, সচেতনতামূলক প্রচার এবং উপভোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়েরও ব্যবস্থা করা হয়।
মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপন, রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবিরে এক মঞ্চে সর্বানন্দ সোনোয়াল ও ডঃ মানিক সাহা
