মোহনপুর, ২১ জুন ২০২৬:১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিজেপি ২ নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে রবিবার মোহনপুর বিধানসভার তুলাবাগানস্থিত সিন্থেটিক ফুটবল মাঠে এক বর্ণাঢ্য যোগাসন ও স্বাস্থ্যচর্চা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রতন লাল নাথসহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ, ছাত্র-যুব প্রতিনিধি ও দলীয় কর্মীরা।কর্মসূচিতে যোগব্যায়াম, প্রাণায়াম এবং বিভিন্ন ধরনের শরীরচর্চার মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনায় পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ ও অনুপ্রেরণায় আজ আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী এক গণআন্দোলনের রূপ নিয়েছে। তারই অংশ হিসেবে মোহনপুরসহ রাজ্যের প্রতিটি মণ্ডলে ব্যাপক উৎসাহের সঙ্গে দিবসটি পালিত হয়েছে।তিনি আরও বলেন, “যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি সুস্থ শরীর, শান্ত মন এবং সুষম জীবনযাপনের অন্যতম মাধ্যম। নিয়মিত যোগাভ্যাস মানুষকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে।”অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি। মোহনপুর মণ্ডলের এই আয়োজন আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্যকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরেছে।
মোহনপুরে আন্তর্জাতিক যোগ দিবসে জনজোয়ার, যোগাসন কর্মসূচিতে মন্ত্রী রতন লাল নাথ
