আগরতলা, ৩০ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন রেলপথে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মিঠুন ঘোষ (প্রায় ৩৫)। তিনি নান্টু ঘোষের ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রের দাবি, আগরতলা থেকে শিলচরগামী ট্রেনের নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।অভিযোগ, ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও স্থানীয় পুলিশ এবং জিআরপি (Government Railway Police) ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। এই বিলম্বকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।পরিবারের পক্ষ থেকেও এখনও আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
যোগেন্দ্রনগরে ট্রেনের নিচে যুবকের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে আড়াই ঘণ্টা— ক্ষোভ এলাকাবাসীর
