কুমারঘাট: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাট শহরে। জাতীয় সড়ক লাগোয়া শহরের প্রাণকেন্দ্রে গভীর রাতে একটি সোনার দোকান ও পাশের পান দোকানে চুরির অভিযোগ উঠেছে।জানা গেছে, চোরেরা ধ্রুব জুয়েলারির পেছনের দরজা ভেঙে এবং পাকা দেওয়ালে ফুটো করে দোকানের ভিতরে প্রবেশ করে। দোকানের মালিক স্বপন দেবনাথের দাবি, লকারে রাখা বিভিন্ন গ্রাহকের কাজের অর্ডারের সোনাসহ প্রায় ৮ ভরি সোনা এবং ১ কেজি রূপো লুঠ হয়েছে।পাশের পান দোকান থেকেও প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন দোকানের মালিক বিদ্যুৎ দেবনাথ।অভিযোগ, চোরেরা দোকানের সিসিটিভি ক্যামেরার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি কিছু প্রযুক্তিগত সরঞ্জামও নিয়ে যায়। তবে সিসিটিভি ফুটেজে তিনজন সন্দেহভাজনকে দেখা গেলেও তাদের পরিচয় এখনও স্পষ্ট নয়।ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে লুঠ হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন। পাশাপাশি কুমারঘাট শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
রাতের অন্ধকারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, কুমারঘাটে আতঙ্ক
