পানিসাগর | উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমায় রাবার চাষিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে পানিসাগর আর.ডি. ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করল রাবার উৎপাদক সমিতির পানিসাগর মহকুমা কমিটি।ডেপুটেশনে রাবার চাষিদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে রাবার বাগান সম্প্রসারণে সরকারি সহায়তা বৃদ্ধি, বিনামূল্যে সার ও কীটনাশক সরবরাহ, পুরনো রাবার বাগানের পুনর্নবীকরণ, ৫৫ বছর ঊর্ধ্ব রাবার চাষিদের জন্য ভাতার ব্যবস্থা, সরকারিভাবে রাবার শিট ক্রয়ের উদ্যোগ, সকল রাবার চাষিকে পারমিট প্রদান এবং পেনশন ও রেশন সুবিধার আওতায় আনার দাবি।এছাড়াও, যেসব ভূমিহীন বা গৃহহীন রাবার চাষি এখনও পাকা বাড়ি পাননি, তাঁদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবাসনের ব্যবস্থা এবং প্রকৃত কৃষকদের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।রাবার উৎপাদক সমিতির প্রতিনিধিরা জানান, রাবার চাষিদের ন্যায্য অধিকার, উৎপাদন ব্যয় কমানো এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। বিডিওর কাছে জমা দেওয়া দাবিপত্র দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।এদিনের ডেপুটেশন কর্মসূচিতে রাবার উৎপাদক সমিতির সদস্য ধনঞ্জয় নাথ, অভিনাশ দাস, অনিলকান্ত দাস, মতিলাল দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রাবার চাষিদের ৭ দফা দাবিতে বিডিওর কাছে ডেপুটেশন, সরকারি সহায়তা ও ভাতার দাবি জোরালো
