Headlines

রাবার স্মোক হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড! দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল একাধিক বসতবাড়ি

শান্তিরবাজার, ১ জুন: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি রাবার স্মোক হাউস। তবে দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেল পাশের একাধিক বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রনগর ভূঁইয়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিট নাগাদ গিরিধারী দেবনাথের মালিকানাধীন একটি রাবার স্মোক হাউসে আচমকাই আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্মোক হাউসের অতিরিক্ত তাপমাত্রার কারণেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।এই অগ্নিকাণ্ডে স্মোক হাউসে মজুত থাকা প্রায় দুই টন কাঁচা ও প্রক্রিয়াজাত রাবার সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত স্মোক হাউসটির মালিক গিরিধারী দেবনাথ।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।স্থানীয়দের মতে, দমকল বাহিনী সময়মতো না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। কারণ স্মোক হাউসটির একেবারে পাশেই ছিল মালিকের বসতঘরসহ আশপাশের কয়েকটি পরিবারের বাড়িঘর। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের প্রাণহানি ও সম্পদের ক্ষতির আশঙ্কা ছিল।দমকলের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে সম্ভাব্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *